Image description

নারায়ণগঞ্জের আড়াইহাজার সরকারি সফর আলী কলেজে ছাত্রশিবির কর্মী সন্দেহে তরিকুল ইসলাম নামে এক সাধারণ ছাত্রকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। রোববার (২৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে কলেজ ক্যাম্পাসে অবস্থানকালে তরিকুলকে ‘শিবির কর্মী’ হিসেবে অভিযুক্ত করে চড়াও হন ছাত্রদলের নেতাকর্মীরা। কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল রানার নেতৃত্বে ২০-২৫ জন ছাত্রদলের কর্মী তরিকুলকে বেধড়ক মারধর করেন।

অভিযোগ উঠেছে, হামলার পর আহত তরিকুল হাসপাতালে চিকিৎসা নিতে গেলে সেখানেও বাধা সৃষ্টি করা হয়। এক ছাত্রদল নেতা চিকিৎসকদের ওপর চাপ সৃষ্টি করে রোগীর নিবন্ধন খাতায় তরিকুলের নাম অন্তর্ভুক্ত না করার জন্য প্রচ্ছন্ন হুমকি দেন। পরে নিরূপায় হয়ে প্রাথমিক চিকিৎসা শেষে ওই ছাত্রকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।

এই হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে কলেজ শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি তানজিল ভূঁইয়া বলেন, "ছাত্রশিবির একটি জনপ্রিয় সংগঠন। কোনো ধরনের হামলা বা ভয়ভীতি দেখিয়ে সাধারণ ছাত্রদের অধিকার ও সংগঠনের কার্যক্রম বাধাগ্রস্ত করা যাবে না।"

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত ছাত্রদল নেতা সোহেল রানার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। এ বিষয়ে কলেজ প্রশাসনের পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে, এই ঘটনার প্রতিবাদে ও বিচার দাবিতে যৌথ বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ জেলা আমির মুহাম্মদ মমিনুল হক সরকার এবং জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান। বিবৃতিতে তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

মানবকণ্ঠ/ডিআর