রাজধানীর পল্লবীতে সাত বছরের এক শিশুকে অত্যন্ত নৃশংসভাবে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৯ মে) দুপুরে পল্লবীর ১১ নম্বর সেকশনের বি ব্লকের একটি ভবনের ফ্ল্যাট থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘাতক প্রতিবেশী যুবক শিশুটির মাথা শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলেছিল বলে জানা গেছে।
নিহত শিশুর নাম লামিসা। তার বাবার নাম আব্দুল হান্নান। এই ঘটনায় অভিযুক্ত ৩২ বছর বয়সী প্রতিবেশী যুবক সোহেলকে শনাক্ত করেছে পুলিশ।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার সকালে এই লোমহর্ষক হত্যাকাণ্ডটি ঘটে। তিনি বলেন, "প্রাথমিকভাবে আমাদের ধারণা, শিশুটিকে পাশবিকভাবে ধর্ষণের পর প্রমাণ লোপাটের জন্য গলা কেটে হত্যা করা হয়েছে। ঘাতক এতটাই নৃশংস ছিল যে, শিশুটির মাথা শরীর থেকে আলাদা করে ফেলেছিল।"
পুলিশ জানিয়েছে, খবর পাওয়ার পরপরই তারা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। বর্তমানে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। অভিযুক্ত সোহেলকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
একই ভবনের বাসিন্দা ও প্রতিবেশীদের মধ্যে এই ঘটনায় চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। সামান্য চকোলেট বা প্রলোভন দেখিয়ে শিশুটিকে সোহেল নিজের ফ্ল্যাটে নিয়ে গিয়েছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
মানবকণ্ঠ/আরআই




Comments