মেট্রোপ্রেমী ও নৈশযাত্রীদের জন্য সুখবর। যাত্রীদের যাতায়াতের সুবিধা ও ক্রমবর্ধমান চাহিদার কথা বিবেচনা করে রাতে উভয় দিকে মেট্রোরেল চলাচলের সময় আরও ২০ মিনিট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আগামীকাল রোববার (৭ জুন) থেকে নতুন এই সময়সূচি কার্যকর হবে।
ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্র জানায়, নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে মতিঝিল থেকে উত্তরার উদ্দেশে সবশেষ ট্রেনটি ছেড়ে যাবে রাত সাড়ে ১০টায়, যা বর্তমানে রাত ১০টা ১০ মিনিটে ছাড়ে। অন্যদিকে, উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশে শেষ ট্রেনটি ছাড়বে রাত ৯টা ৫০ মিনিটে, যা বর্তমানে রাত ৯টা ৩০ মিনিটে ছাড়ে।
ডিএমটিসিএল-এর একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, বর্ধিত এই সময়ে প্রাথমিকভাবে উভয় দিক থেকে একটি করে বাড়তি ট্রিপ দেওয়া হবে। এই সময়সূচি চূড়ান্ত করার আগে গত এক মাস ধরে মাঠপর্যায়ে নিবিড় পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। শুরুতে মতিঝিল থেকে রাত ১১টা এবং উত্তরা থেকে রাত ১০টার পর পর্যন্ত ট্রেন চালানোর বড় পরিকল্পনা ছিল। তবে যাত্রী চাহিদার বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য আপাতত ২০ মিনিট সময় বাড়িয়ে সাড়া দেখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী সময় আরও বাড়ানো হতে পারে।
এর আগে গত বছরের অক্টোবরেও মেট্রোরেল চলাচলের সময়সীমা এক ঘণ্টা বাড়ানো হয়েছিল। তখন সকালে ও রাতে আধা ঘণ্টা করে সময় বাড়ানো হয়।
উল্লেখ্য, ২০২২ সালের ২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশ চালুর মাধ্যমে ঢাকায় প্রথম মেট্রোরেলের যাত্রা শুরু হয়। বর্তমানে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত সব কটি স্টেশনে পুরোদমে যাত্রী চলাচল চলছে। যানজটহীন ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াতের কারণে বর্তমানে প্রতিদিন গড়ে প্রায় সাড়ে চার লাখ যাত্রী মেট্রোরেল ব্যবহার করছেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments