Image description

গাজীপুরের চান্দনা চৌরাস্তায় ট্রাফিক পুলিশ বক্সের ভেতরে স্টার নিউজের জেলা প্রতিনিধি হুসাইন আলী বাবুর ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। হামলায় গুরুতর আহত ওই সাংবাদিক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। যেখানে পুলিশ বক্স মানুষের নিরাপত্তার প্রতীক, সেখানে খোদ বক্সের ভেতরে সাংবাদিকের ওপর এমন হামলা জননিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলেছে।

আহত সাংবাদিক হুসাইন আলী বাবু জানান, তিনি পুলিশ বক্সের ভেতরে বসে অফিসে সংবাদ পাঠাচ্ছিলেন। এমন সময় এক যুবক সেখানে প্রবেশ করে তার বিরুদ্ধে সংবাদ প্রকাশের অভিযোগ তুলে অতর্কিত হামলা চালায়। বাবু বলেন, "আমি হামলাকারীকে চিনি না এবং কোনোদিন দেখিওনি। সে এসেই বলতে থাকে তার বিরুদ্ধে নিউজ কেন করেছি এবং সাথে সাথেই মারধর শুরু করে।" পরে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

উল্লেখ্য, এর আগে চান্দনা চৌরাস্তায় পুলিশ বক্সের অদূরেই সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যা করেছিল সন্ত্রাসীরা। বারবার একই এলাকায় সাংবাদিকদের ওপর এমন বর্বরোচিত হামলায় গাজীপুরের সাংবাদিক সমাজের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

স্থানীয়রা বলছেন, পুলিশ বক্সের কয়েক গজের মধ্যে সাংবাদিক হত্যা এবং খোদ বক্সের ভেতর হামলার ঘটনা প্রমাণ করে সন্ত্রাসীরা কতটা বেপরোয়া। এসব অপরাধীর নেপথ্যের কুশীলবদের খুঁজে বের করে আইনের আওতায় না আনলে সাধারণ মানুষের নিরাপত্তা চরম ঝুঁকির মুখে পড়বে।

গাজীপুরের সাংবাদিক সমাজ এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে।

পুলিশ হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, হামলাকারীকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মানবকণ্ঠ/ডিআর