Image description

রাজধানীর আদাবরে চাপাতি ঠেকিয়ে দোকানে ছিনতাইয়ের ঘটনার পর ছিনতাইকারীদের আস্তানায় রুদ্ধশ্বাস অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানকালে ছিনতাইকারীদের হামলায় আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম ও উপ-পরিদর্শক (এসআই) তরুণ আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাল্টা গুলিতে ২ ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪ জনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরের দিকে আদাবরের ডেল্টা গার্মেন্টসের পেছনের একটি আস্তানায় এই সংঘর্ষ ও অভিযানের ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় আটক দুই ছিনতাইকারী হলেন—রুবেল ও আমির। এছাড়া তাদের সহযোগী কাশেম ও মো. জয় নামে আরও দুইজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে আদাবর এলাকায় একটি দোকানে ঢুকে চাপাতি ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটে। ঘটনার পরপরই ছিনতাইকারীদের ধরতে অভিযানে নামে আদাবর থানা পুলিশ। একপর্যায়ে ডেল্টা গার্মেন্টসের পেছনের একটি আস্তানায় ছিনতাইকারীদের অবস্থান শনাক্ত করে সেখানে হানা দেয় পুলিশের একটি দল।

পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। তাদের ধারালো চাপাতির আঘাতে ওসি জাহিদুল ইসলাম ও এসআই তরুণ গুরুতর আহত হন। এসময় আত্মরক্ষার্থে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পাল্টা গুলি চালালে রুবেল ও আমির নামে দুই ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়।

বর্তমানে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ডেল্টা গার্মেন্টসের পেছনের ওই এলাকায় এখনও বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। পুলিশের অভিযান ও পরবর্তী আইনি প্রক্রিয়া এখনও চলমান। আহত পুলিশ সদস্যদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

মানবকণ্ঠ/ডিআর