Image description

বিশ্বকাপ চলাকালে সংবাদ সম্মেলনে স্প্যানিশ ভাষায় কথা বলায় বাধা দেওয়ার ঘটনায় তীব্র সমালোচনার মুখে নিজেদের অবস্থান থেকে সরে এসেছে ফিফা।

সাম্প্রতিক কয়েকটি সংবাদ সম্মেলনে আশরাফ হাকিমি, ভিনিসিয়ুস জুনিয়র ও ফ্রেঙ্কি ডি ইয়ং স্প্যানিশ ভাষায় উত্তর দিতে চাইলে তাদের ইংরেজিতে কথা বলতে বলা হয়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিতর্কের জন্ম দেয়।

ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো’-র তথ্য অনুযায়ী, এখন থেকে বিশ্বকাপের সংবাদ সম্মেলনে স্প্যানিশ ভাষায় কথা বলার অনুমতি দেওয়া হবে। পাশাপাশি প্রতিটি সংবাদ সম্মেলনে একজন স্প্যানিশ অনুবাদক রাখা হবে এবং ফিফার অ্যাপেও স্প্যানিশ অনুবাদের সুবিধা যুক্ত করা হবে।

মূলত বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ মেক্সিকো-র ভাষাগত গুরুত্ব বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগে কেবল তখনই স্প্যানিশ ভাষার ব্যবস্থা থাকত, যখন ম্যাচে অংশ নেওয়া কোনো দলের প্রধান ভাষা স্প্যানিশ হতো।

যদিও নতুন নিয়ম পুরোপুরি কার্যকর হতে কিছুটা সময় লাগতে পারে, তবে স্পষ্ট যে সমালোচনার মুখে ফিফা তাদের আগের অবস্থান পরিবর্তন করেছে। এখন লক্ষ্য, প্রতিটি ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে স্প্যানিশ ভাষার উপস্থিতি নিশ্চিত করা, যাতে আয়োজক দেশ মেক্সিকোর ভাষা ও সংস্কৃতির যথাযথ সম্মান বজায় থাকে।