Image description

রাজবাড়ীর পাংশা পৌর শহরের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসার আশায় আশ্রয় নিয়েছে অসুস্থ ও আহত একটি হনুমান। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে শহরের হামিদা মেডিকেল সেন্টারে এই বিরল ঘটনাটি ঘটে। মানুষের চিকিৎসাকেন্দ্রে একটি বন্যপ্রাণীর এমন উপস্থিতিতে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ক্লিনিকের অপেক্ষমাণ রোগীদের জন্য রাখা বেঞ্চে হনুমানটি দীর্ঘক্ষণ চুপচাপ বসে ছিল। শারীরিকভাবে অত্যন্ত দুর্বল প্রাণীটি মাঝে মাঝে বেঞ্চে শুয়ে পড়ছিল। এ সময় উৎসুক জনতা হনুমানটির ছবি ও ভিডিও ধারণ করেন এবং অনেকেই তাকে খাবার দেওয়ার চেষ্টা করেন।

হামিদা মেডিকেল সেন্টারের মালিক আরিফুল ইসলাম জানান, হনুমানটি গত কয়েকদিন ধরেই ক্লিনিকের আশপাশে ঘোরাঘুরি করছিল। স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, কিছুদিন আগে ধারালো অস্ত্রের আঘাতে প্রাণীটির হাত জখম হয়েছিল এবং তখন সেখানে সেলাই দেওয়া হয়েছিল। ধারণা করা হচ্ছে, সেই ক্ষতস্থানে পুনরায় সংক্রমণ (ইনফেকশন) হওয়ায় অসুস্থ হয়ে প্রাণীটি সাহায্যের আশায় ক্লিনিকে ঢুকে পড়েছে।

স্থানীয় বাসিন্দা মো. মোস্তফা কামাল বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসন ও বন বিভাগকে অবহিত করেন। খবর পেয়ে উপজেলা বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান।

উপজেলা বন কর্মকর্তা মো. আজিজুল হক বলেন, "আমরা খবর পেয়েই দ্রুত ব্যবস্থা নিয়েছি। হনুমানটি অসুস্থ ও দুর্বল। প্রাথমিকভাবে তাকে ব্যথা উপশমের ব্যবস্থা করা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে।"

অসুস্থ অবস্থায় একটি বন্যপ্রাণীর এভাবে ক্লিনিকে এসে আশ্রয় নেওয়ার ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। অনেকেই প্রাণীটির বুদ্ধি দেখে অবাক হয়েছেন এবং এর দ্রুত সুস্থতা কামনা করেছেন।

মানবকণ্ঠ/ডিআর