খাল উদ্ধার ও জনদুর্ভোগ লাঘবে
ডিএসসিসি প্রশাসকের সঙ্গে ঢাকা-৪ ও ৫ আসনের এমপির মতবিনিময়
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামের সঙ্গে জলাবদ্ধতা নিরসন, খাল ও খেলার মাঠ উদ্ধারসহ জনগুরুত্বপূর্ণ বিভিন্ন সমস্যা সমাধানে এক যৌথ মতবিনিময় সভায় মিলিত হয়েছেন ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন ও ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন।
মঙ্গলবার (১৪ জুলাই) সকালে নগর ভবনের ডিএসসিসি প্রশাসকের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, নির্বাহী প্রকৌশলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় ঢাকা মহানগরীর দখলকৃত খাল ও খেলার মাঠ উদ্ধার, জলাবদ্ধতা নিরসন, ড্রেনেজ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা উন্নতকরণ এবং বাসাবাড়ির ময়লার অতিরিক্ত বিল সংক্রান্ত অভিযোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ রক্ষা, ফুটপাত দখলমুক্ত করা, ডেঙ্গু নিয়ন্ত্রণে মশক নিধন কর্মসূচি ও মাদকবিরোধী কার্যক্রম জোরদার করার বিষয়েও কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোকপাত করা হয়।
মতবিনিময়কালে সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন এবং সৈয়দ জয়নুল আবেদীন আঞ্চলিক কার্যালয়গুলোর মাধ্যমে উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা, জবাবদিহিতা ও যথাযথ তত্ত্বাবধান নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তারা বলেন, জনগণের ভোগান্তি কমাতে উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়ন জরুরি।
সাংসদদের উপস্থিতিকে স্বাগত জানিয়ে প্রশাসক আবদুস সালাম বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধান এবং পরিকল্পিত উন্নয়ন বাস্তবায়নে সংসদ সদস্যদের সঙ্গে সমন্বয় করে যৌথভাবে কাজ করার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
বৈঠকে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য ও যাত্রাবাড়ী থানা আমীর মো. শাজাহান খান, ডেমরা মধ্য থানা আমীর মোহাম্মদ আলী, ডেমরা পূর্ব থানা আমীর ইঞ্জিনিয়ার তমিজ উদ্দিন সোহরাওয়ার্দী, মহানগরীর মজলিসে শুরা সদস্য শাহাদাত হোসেন হেলাল, মো. নজরুল ইসলাম, কদমতলী থানা আমীর মাওলানা জুনাইদ আহমেদ, যাত্রাবাড়ী শ্যামপুর থানা আমীর মুহাম্মদ যাকীর হুসাইন প্রমুখ।
মানবকণ্ঠ/ডিআর




Comments