Image description

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ১১ বছরের এক বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আজাদুল ইসলাম (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় তাকে উপজেলার তিলাই ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আজাদুল ওই গ্রামের আব্দুল কাদেরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার বিকেলে ভুক্তভোগী শিশুর বাবা-মা বাড়ির পাশের জমিতে কাজ করতে যান। এই সুযোগে ফাঁকা বাড়িতে ঢুকে ওই শিশুকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায় আজাদুল। একপর্যায়ে শিশুটির গোঙানির শব্দ শুনে তার মা ঘরে প্রবেশ করলে অভিযুক্ত যুবক দ্রুত পালিয়ে যায়। ঘটনাটি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হলেও অভিযুক্তের পরিবার তাতে সাড়া দেয়নি। পরে সোমবার সকালে ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে ভূরুঙ্গামারী থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) শাহজাহান জানান, মামলার পর প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চালানো হয়। সোমবার সন্ধ্যায় তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আজ মঙ্গলবার সকালে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে। প্রতিবন্ধী ও শিশুদের প্রতি যেকোনো ধরনের সহিংসতা রোধে পুলিশ তৎপর রয়েছে।

মানবকণ্ঠ/ডিআর