বাউফলে এনজিও ম্যানেজারের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ
পটুয়াখালীর বাউফলে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) শাখা ম্যানেজারের বিরুদ্ধে এক ঋণগ্রহীতা নারীকে শ্লীলতাহানি ও ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী আদালতে মামলা দায়ের করেছেন। অভিযুক্ত মো. আব্বাস খান বেসরকারি উন্নয়ন সংস্থা ‘পদক্ষেপ’-এর বাউফল শাখার ম্যানেজার হিসেবে কর্মরত।
আদালতে দাখিল করা অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী ‘পদক্ষেপ’ বাউফল শাখা থেকে ১ লাখ টাকা ঋণ নেন এবং নিয়মিত কিস্তির মাধ্যমে ইতিমধ্যে প্রায় ৮০ হাজার টাকা পরিশোধ করেছেন। অভিযোগ রয়েছে, ঋণ গ্রহণের পর থেকেই শাখা ম্যানেজার আব্বাস খান বিভিন্ন অজুহাতে ওই নারীর বাড়িতে যাতায়াত শুরু করেন। ভুক্তভোগীর স্বামী বাড়িতে না থাকলে তিনি একাধিকবার কুপ্রস্তাব দেন এবং তাতে রাজি না হওয়ায় কিস্তি নিয়ে হয়রানির হুমকি প্রদান করেন।
আরজিতে আরও উল্লেখ করা হয়, গত ২৭ এপ্রিল (২০২৬) সোমবার বেলা ১১টার দিকে ওই নারী বাড়ির সামনে অবস্থানকালে ম্যানেজার আব্বাস খান অতর্কিত ঘরে ঢুকে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালান। এ সময় নারীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি দ্রুত মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
ভুক্তভোগী নারীর দাবি, ঘটনার পর তিনি থানায় গেলে পুলিশ তাকে আদালতে মামলা করার পরামর্শ দেয়। বর্তমানে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন।
তবে অভিযোগ অস্বীকার করে আব্বাস খান বলেন, “সংস্থার পাওনা টাকা চাওয়ায় তিনি আমার ওপর ক্ষুব্ধ হয়ে একটি সাজানো মামলা করেছেন। আমি এ ঘটনার সুষ্ঠু ও ন্যায়বিচার চাই।”
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, “আদালতের আদেশ আমরা গুরুত্বসহকারে দেখছি। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
মানবকণ্ঠ/ডিআর




Comments