Image description

কক্সবাজারে সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে অবৈধ পাহাড় কাটা ও পরিবেশ ধ্বংসকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, এমপি। তিনি বলেছেন, “অতীতে যেভাবে নির্বিচারে পাহাড় কাটা হয়েছে, বর্তমান সরকারের আমলে সেই সুযোগ আর থাকবে না। পাহাড়খেকোরা যতই প্রভাবশালী হোক, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সোমবার (১৩ জুলাই) বিকেলে প্রতিমন্ত্রী কক্সবাজারের বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিনে পরিদর্শন করেন। পরে সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের চান্দের পাড়ায় শতাধিক ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন তিনি।

ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রতিমন্ত্রী বলেন, সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। বন্যার পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গেই ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ মূল্যায়ন করে দ্রুত পুনর্বাসন কার্যক্রম শুরু করা হবে।

জলাবদ্ধতা প্রসঙ্গে তিনি বলেন, “কোথাও স্লুইসগেট বন্ধ রেখে কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টি করা হয়ে থাকলে তা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে অবৈধ পাহাড় কাটা, প্রাকৃতিক পানি প্রবাহে বাধা সৃষ্টি এবং পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।”

প্রতিমন্ত্রী আরও আশ্বাস দেন যে, বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান, সেতু ও কালভার্টসহ সরকারি অবকাঠামো দ্রুত সংস্কার করা হবে। পাশাপাশি কৃষি, মৎস্য, গবাদিপশু এবং বসতবাড়ির ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পর্যায়ক্রমে সরকারি পুনর্বাসনের আওতায় আনা হবে। তিনি ক্ষতিগ্রস্ত মানুষকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, নির্বাচিত সরকারের ওপর আস্থা রাখুন; সরকার দুর্যোগ মোকাবিলায় সব ধরনের সহায়তা নিশ্চিত করবে।

পরিদর্শনকালে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফর রহমান কাজল, জেলা প্রশাসক মো. আ. মান্নান, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মানবকণ্ঠ/ডিআর