সিদ্ধিরগঞ্জ
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করলেন জেলা প্রশাসক
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত বিভিন্ন ভবন পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. রায়হান কবির। শনিবার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় তাঁর নেতৃত্বে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির একটি দল সিদ্ধিরগঞ্জের হিরাঝিল আবাসিক এলাকা এবং আটি হাউজিং এলাকার ক্ষতিগ্রস্ত ভবনগুলো সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক মো. রায়হান কবির সাংবাদিকদের বলেন, ‘সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকা ঘুরে এখন পর্যন্ত প্রাথমিকভাবে ২৫টি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি আমরা নিশ্চিত হতে পেরেছি। এর মধ্যে একটি পোশাক কারখানাও রয়েছে। তবে এখনো পূর্ণাঙ্গ তথ্য আমাদের হাতে আসেনি। ধারণা করা হচ্ছে, ক্ষতিগ্রস্ত ভবনের সংখ্যা আরও বাড়তে পারে।’
এ সময় হিরাঝিল এলাকার ‘সিটি স্কুল’ কর্তৃপক্ষের উদ্দেশে জেলা প্রশাসক কঠোর নির্দেশনা দিয়ে বলেন, ‘ভবনটির নকশাবহির্ভূত অংশটি ঝুঁকিপূর্ণ। এটি দ্রুত ভেঙে ফেলতে হবে। অন্যান্য ক্ষতিগ্রস্ত ভবনের মালিকদের সঙ্গে যোগাযোগ করে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে।’
পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিমা শিরিন, সহকারী কমিশনার (ভূমি) মো. রাশেদ খান, রাজউক জোন-৮ এর অথরাইজড অফিসার রঙ্গন মন্ডল, নারায়ণগঞ্জ গণপূর্ত অধিদপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী আ. সালাম এবং সদর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহানসহ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির অন্য কর্মকর্তারা।




Comments