জলঢাকায় আগুনে পুড়লো ৭টি দোকান, ৫০ লাখ টাকার ক্ষতির শঙ্কা
নীলফামারীর জলঢাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (১০ ডিসেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার মীরগঞ্জ বাজারে এই ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, মীরগঞ্জ বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে তা আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জলঢাকা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে কাপড় ও কীটনাশকের সাতটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।
জলঢাকা ফায়ার সার্ভিসের ইনচার্জ আজিজুর রহমান বলেন, ‘সকাল সাড়ে ৭টার দিকে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা হতে পারে।’
মীরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা মানিক বলেন, ‘সকালে হঠাৎ আগুনের ঘটনায় দোকানদাররা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা তৈরি করে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।’




Comments