Image description

নাটোরের বাগাতিপাড়ায় কবর থেকে মোবাইল ফোনের রিংটোন ভেসে আসার অদ্ভুত ঘটনা ঘটেছে। পরে কবর খুঁড়ে হারানো মোবাইলটি উদ্ধার করেন স্থানীয় যুবক সামিউল ইসলাম সামি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

ঘটনা ঘটে বুধবার (১০ ডিসেম্বর) সকালে দয়ারামপুর ইউনিয়নের জয়ন্তীপুর সামাজিক কবরস্থানে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে একজনের জানাজা শেষে দাফন কাজে অংশ নেন সামি। এসময় তার জ্যাকেটের পকেটে থাকা মোবাইল ফোনটি কবরের ওপরের অংশে পড়ে যায়। বাড়ি ফেরার পর ফোনটি অনুপস্থিত লক্ষ্য করলে তিনি একাধিকবার কল করেন, কিন্তু কেউ ফোন রিসিভ করেনি।

পরবর্তীতে কবরস্থানে গিয়ে ফোনে কল দিলে রিংটোনের শব্দ কবর থেকে ভেসে আসতে থাকে। পরে কবর খুঁড়ে মোবাইলটি উদ্ধার করা হয়।

সামিউল ইসলাম সামি বলেন, ‘ফোনটি হারানোর পর একাধিকবার কল করলে রিং বাজছিল। কেউ যদি পেত, নিশ্চয়ই ফোনটি অফ করত বা সিম খুলে ফেলত। তাই ধারণা করি ফোনটি কবরস্থানে রয়েছে। আলহামদুলিল্লাহ, সকালে কবর খুঁড়ে ফোনটি পেয়েছি।’

জয়ন্তীপুর বাজার জামে মসজিদের ইমাম আব্দুর রউফ জানান, ‘ফোনটি কবরের ওপরের অংশে থাকার কারণে সহজেই উদ্ধার করা সম্ভব হয়েছে। সাধারণত দাফনের সময় কবরের ওপর খাপাচি দিয়ে মাটি দেওয়া হয়। মোবাইলটি সেই খাপের ওপরের দিকে থাকায় গভীরে না গিয়ে সহজে পাওয়া গেছে।’