Image description

খাদ্য মন্ত্রণালয়ের সচিব ফিরোজ সরকার বলেছেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে চাইলে আমন ধান সংগ্রহের কোনো বিকল্প নেই। মাঠ পর্যায়ের ধানের গুণগত মান বজায় রেখে দ্রুততম সময়ে সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে। এতে গাফিলতি বরদাশত করা হবে না।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুরে রাজশাহী জেলা প্রশাসন ও খাদ্য বিভাগের উদ্যোগে সার্কিট হাউসের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আগামী ২২ ডিসেম্বরের মধ্যে আমন ধান এবং ৩১ ডিসেম্বরের মধ্যে চাল সংগ্রহ অভিযান শেষ করতে হবে। নির্ধারিত সময়ের আগে লক্ষ্যমাত্রা অর্জনে সংশ্লিষ্টদের আন্তরিকভাবে কাজ করতে হবে।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ, আরএমপি কমিশনার ড. মো. জিল্লুর রহমান, রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আকতার প্রমুখ।

উল্লেখ্য, ১০ ডিসেম্বর রাজশাহী জেলায় খাদ্য সচিবের সফরের মূল উদ্দেশ্য ছিল চলমান আমন সংগ্রহ কার্যক্রম পরিদর্শন ও পর্যালোচনা করা। সফরে তাঁর সঙ্গে ছিলেন খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ও সংগ্রহ বিভাগের অতিরিক্ত পরিচালক।

সফরের শুরুতেই তিনি নওহাটা এলএসডি (স্থানীয় সরবরাহ ডিপো) পরিদর্শন করেন। সেখানে ধান–চাল মজুত, সংগ্রহ কার্যক্রমের মান ও সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন। পরে তিনি সার্কিট হাউসে রাজশাহী ও রংপুর বিভাগের জেলা ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

সচিবের এই সফর ও দিকনির্দেশনার পর রাজশাহী ও রংপুর বিভাগে আমন সংগ্রহ কার্যক্রম আরও ত্বরান্বিত হবে বলে আশা করা হচ্ছে।