রাজশাহীর তানোরে গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদ (২) আর বেঁচে নেই। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ৯টা ৪০ মিনিটে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটিকে রাত ৯টা ৩৫ মিনিটে হাসপাতালে আনা হলেও চিকিৎসক জানিয়েছেন, আগেই তার মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন) লে. কর্নেল তাজুল ইসলাম চৌধুরী জানান, রাত ৯টায় উদ্ধার অভিযান শেষে শিশুটিকে বাইরে আনা হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, বুধবার দুপুরে শিশুটি তার মা ও ভাইয়ের সঙ্গে বাড়ির পাশের জমি পার হচ্ছিল। জমিটি খড় দিয়ে ঢাকা ছিল, যার নিচে অরক্ষিত একটি গভীর নলকূপের গর্ত ছিল। হাঁটার সময় সাজিদ হঠাৎ সেই গর্তে পড়ে যায়। তার চিৎকার শুনে মা ফিরে দেখেন, শিশু সেখানে নেই।
স্থানীয়রা অভিযোগ করেছেন, গত বছর নলকূপের জন্য খোঁড়া ১২০ ফুট গভীর পাইপটি পরিত্যক্ত অবস্থায় মুখ খোলা রেখে ফেলা হয়েছিল। বৃষ্টির কারণে গর্তের মুখ আরও বড় হয়ে যায়। কোনো সতর্কতামূলক ব্যবস্থা না থাকায় দুর্ঘটনা ঘটে।
উদ্ধার অভিযান চলাকালীন ফায়ার সার্ভিস গর্তে অক্সিজেন সরবরাহ অব্যাহত রাখে। মেডিকেল টিম ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। শিশু সাজিদের মৃত্যুর খবর পেয়ে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।




Comments