Image description

নির্বাচনী প্রচারণায় ধর্মকে ব্যবহার এবং বিড়িতে ‘সুখটান’ দিয়ে ভোট প্রার্থনার মাধ্যমে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ফয়জুল হককে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় ওই আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কর্মকর্তা রেজওয়ানা আফরিন (যুগ্ম জেলা ও দায়রা জজ) এই নোটিশ প্রদান করেন।

নোটিশ সূত্রে জানা গেছে, গত ৭ জানুয়ারি (বুধবার) রাতে রাজাপুর উপজেলায় আয়োজিত এক উঠান বৈঠকে ফয়জুল হক ভোটারদের উদ্দেশে বলেন, “আমার ভাই হয়তো কোনদিনই ইবাদত করার সুযোগ পান নাই, ওই সুখটান দেওয়া বিড়ির মধ্যেও যদি সে ওই দাঁড়িপাল্লার দাওয়াত দিয়ে আল্লার দ্বারে কবুল হয়ে যায়, এমনও হতে পারে পিছদের সব মাফ করে দিয়ে আল্লাহ তো ভালোও করে দিতে পারে।”

তার এই বক্তব্যের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে (লাইভ) ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। কমিটির পর্যবেক্ষণে প্রতীয়মান হয়েছে যে, নির্বাচনী প্রচারণায় ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা বা ধর্মকে ব্যবহার করে ভোট প্রার্থনা করা ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’-এর ১৫ (ক), ১৬ (ঙ) এবং ১৮ বিধির সুস্পষ্ট লঙ্ঘন।

এরূপ আচরণবিধি লঙ্ঘনের দায়ে কেন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনে প্রতিবেদন পাঠানো হবে না, তা আগামী ১২ জানুয়ারি (সোমবার) জেলা জজ আদালতের দ্বিতীয় তলায় সশরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে জামায়াত প্রার্থী ফয়জুল হক বলেন, “আমার বক্তব্যটি ভুলভাবে ব্যাখ্যা (মিসলিড) করা হয়েছে। একজন সংসদ সদস্য প্রার্থী হিসেবে আমাকে সব শ্রেণি-পেশার মানুষের কাছে যেতে হয়। সমাজে যারা বিড়ি বা সিগারেট খান, তাদের উদ্দেশে আমি সহজভাবে কথাটি বলেছিলাম। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং নির্ধারিত সময়েই শোকজের জবাব দেব।”

মানবকণ্ঠ/ডিআর