Image description

ভোলার তজুমদ্দিনে পাওনা টাকাকে কেন্দ্র করে বিরোধের জেরে মো. শাকিল (৩০) নামের এক যুবককে ক্রিকেট স্টাম্প দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত শনিবার সন্ধ্যায় উপজেলার চাঁদপুর ইউনিয়নের দক্ষিণ আড়ালিয়া গ্রামে এই হামলার ঘটনা ঘটে। পরে রবিবার ভোরে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শাকিল চাঁদপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কেরানির দোকান এলাকার মো. ইউনুসের ছেলে। তিনি পেশায় একজন কাঠমিস্ত্রি ছিলেন। এ ঘটনায় নিহতের বাবা রবিবার সকালে তজুমদ্দিন থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাকিলের ছোট ভাই রাকিবের কাছে একই এলাকার মো. নুরনবীর ছেলে তামিম হোসেনের ৬০০ টাকা পাওনা ছিল। এ নিয়ে শনিবার বিকেলে স্থানীয় একটি মাঠে ক্রিকেট খেলার সময় রাকিব ও তামিমের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রাকিব ওই যুবককে চড়-থাপ্পড় দেন। এর জেরে ওই দিন সন্ধ্যায় শাকিল স্থানীয় কেরানির দোকানের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় তামিম পেছন থেকে ক্রিকেট স্টাম্প দিয়ে তার মাথায় সজোরে আঘাত করেন।

গুরুতর আহত অবস্থায় উপস্থিত লোকজন শাকিলকে দ্রুত তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। রবিবার ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম জানান, এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মামলা করেছেন। মামলার একমাত্র আসামি তামিমকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।