নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: বদিউল আলম মজুমদার
সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার মন্তব্য করেছেন যে, একটি নিরপেক্ষ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বাংলাদেশে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা সম্ভব নয়। সোমবার (১২ জানুয়ারি) দুপুরে বরিশালে সুজন আয়োজিত এক বিভাগীয় সংলাপে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন।
নির্বাচনি পরিস্থিতির বিশ্লেষণ করতে গিয়ে ড. বদিউল আলম মজুমদার বলেন, “নির্বাচনি ট্রেন বর্তমানে ট্র্যাকে উঠে গেলেও এটি নিয়ে এখনো যথেষ্ট শঙ্কা রয়েছে। রাজনীতিবিদ এবং তাদের মনোনীত প্রার্থীরা যদি দায়িত্বশীল আচরণ না করেন, তবে এই ট্রেন যে কোনো সময় ট্র্যাকচ্যুত হতে পারে। রাজনৈতিক দলগুলো যদি সংঘাত পরিহার করে এবং নির্বাচনে জেতার জন্য অনৈতিক কৌশল বন্ধ করে, তবেই একটি সুন্দর পরিবেশ বজায় রাখা সম্ভব।”
সুজন সম্পাদক আরও সতর্ক করে বলেন, দেশে যদি সুশাসন নিশ্চিত করা না যায়, তবে প্রতিবারই জনগণকে একটি সুষ্ঠু নির্বাচনের দাবিতে রাজপথে আন্দোলনে নামতে হবে। এটি দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে দিন দিন আরও দুর্বল ও ভঙ্গুর করে তুলবে।
বরিশাল বিভাগের ছয় জেলা থেকে আসা রাজনৈতিক নেতা ও প্রতিনিধিরা এই সংলাপে অংশ নেন। বক্তারা উল্লেখ করেন, নির্বাচন গণতন্ত্রের একটি অংশ মাত্র, কিন্তু এটিই একমাত্র শর্ত নয়। গণতন্ত্রকে সত্যিকার অর্থে কার্যকর করতে হলে নির্বাচনের পর স্বাধীন ও শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলা অপরিহার্য। সেই সঙ্গে নির্বাচনী ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার এবং জনগণের আস্থা ফেরাতে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে অভিহিত করা হয়।
বক্তারা আরও বলেন, একটি অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করতে রাজনীতিবিদদেরই অগ্রণী ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
মানবকণ্ঠ/আরআই




Comments