দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় কাঁকড়া নদী থেকে অজ্ঞাত পরিচয় দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার ৯নং ভিয়াইল ইউনিয়নের লক্ষ্মীতলা ব্রিজ সংলগ্ন বানিয়া খাড়ি এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয়রা নদীতে মরদেহ দুটি ভাসতে দেখে থানায় খবর দেন। খবর পেয়ে চিরিরবন্দর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে মরদেহ দুটি উদ্ধার করে। উদ্ধার হওয়া দুই যুবকের পরনে জ্যাকেট, মাফলার ও টুপি ছিল। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
চিরিরবন্দর থানার এসআই জহুরুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেছে।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।"
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments