Image description

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে জিরো লাইনে বিএসএফ কর্তৃক নতুন ফোর লেনের সড়ক নির্মাণকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার প্রেক্ষাপটে বিজিবি-বিএসএফ উচ্চপর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিজিবির তীব্র প্রতিবাদের মুখে বিএসএফ সেখানে নতুন কোনো সড়ক নির্মাণ না করার সিদ্ধান্ত নিয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় উপজেলার খলিশাকোঠাল সীমান্তের আন্তর্জাতিক পিলার ৯৩৪-এর ১-এস সাব-পিলারের নিকট বাংলাদেশের অভ্যন্তরে এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ৪ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমাম। অন্যদিকে ৫ সদস্যের ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দেন কোচবিহার ৩ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার কে কে রাও।

বৈঠক শেষে লে. কর্নেল মেহেদী ইমাম সাংবাদিকদের জানান, সীমান্তে জিরো লাইনে বিএসএফ নতুন কোনো সড়ক নির্মাণ করবে না বলে আশ্বস্ত করেছে। তারা দাবি করেছে, ব্রিটিশ আমলের পুরনো একটি সড়ক তারা কেবল সংস্কার করছে। তবে বিজিবির পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, সংস্কারের নামে নতুন কোনো অবকাঠামো নির্মাণ করা যাবে না। অতিদ্রুত বিজিবির একটি তদন্ত দল ওই এলাকা সরেজমিনে পরিদর্শন করবে।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি থেকে খলিশাকোঠাল সীমান্তের জিরো লাইনে বিএসএফ নতুন করে ফোর লেনের সড়ক নির্মাণের কাজ শুরু করলে সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিজিবি তাৎক্ষণিক নির্মাণকাজে বাধা দেয় এবং তীব্র প্রতিবাদ জানায়। দফায় দফায় বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের পর অবশেষে বিএসএফ কাজ বন্ধ রাখতে বাধ্য হয়। সোমবারের উচ্চপর্যায়ের বৈঠকে জিরো লাইনের প্রায় এক কিলোমিটার পুরনো সড়কটি কেবল সংস্কার করার বিষয়ে দুই দেশ একমত পোষণ করে।

মানবকণ্ঠ/ডিআর