Image description

পটুয়াখালীর কলাপাড়ায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরিফ শরীফ (২৩) নামের এক তরুণ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) রাত আনুমানিক ১০টা ৪০ মিনিটের দিকে উপজেলার মহিপুর থানাধীন ধুলাসার ইউনিয়নের বাবলাতলা বাজার সংলগ্ন সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আরিফ শরীফ উপজেলার লতাচাপলী ইউনিয়নের বৌলতলী গ্রামের গেন্দু শরীফের ছেলে। তিনি পেশায় একজন ব্যবসায়ী ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সময় দ্রুতগামী একটি ট্রাক (কুষ্টিয়া-ট, ১১-৩২৭৯) বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে (বরিশাল মেট্রো-ল, ১২-১৭৪২) সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী আরিফ ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে তাৎক্ষণিক উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ট্রাকটি জব্দ করেছে। একই সাথে ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মানবকণ্ঠ/ডিআর