দিনাজপুরের খানসামা উপজেলায় গভীর রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইটি গরু পুড়ে মারা গেছে এবং আরও পাঁচটি গরু মারাত্মকভাবে দগ্ধ হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত ৪টার দিকে উপজেলার আংগাড়পাড়া ইউনিয়নের ছাতিয়ানগড় কৈপাড়া গ্রামের ভুপেন্দ্র নাথ রায়ের (মাস্টার) বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৪টার দিকে ভুপেন্দ্র নাথ রায়ের গোয়ালঘরে হঠাৎ আগুন জ্বলতে দেখে প্রতিবেশীরা চিৎকার শুরু করেন। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দীর্ঘ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষণে দুইটি গরু পুড়ে মারা যায়। দগ্ধ বাকি পাঁচটি গরুর অবস্থাও আশঙ্কাজনক। তবে আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি। স্থানীয়রা ঘটনাটিকে রহস্যজনক বলে দাবি করছেন।
খবর পেয়ে আজ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু হায়দার আলী এবং ভেটেরিনারি সার্জন ডা. আবদুল্লাহ আল কাফি রোমান। তারা দগ্ধ গরুগুলোর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু হায়দার আলী জানান, "অগ্নিকাণ্ডে দুইটি গরু ঘটনাস্থলেই মারা গেছে। দগ্ধ বাকি পাঁচটি গরুকে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি। তবে গরুগুলোর শরীর মারাত্মকভাবে পুড়ে যাওয়ায় তাদের অবস্থা খুব একটা ভালো নয়।"
অগ্নিকাণ্ডে ভুপেন্দ্র নাথ রায়ের কয়েক লক্ষ টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আকস্মিক এই ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারটি এখন দিশেহারা।
মানবকণ্ঠ/ডিআর




Comments