গাজীপুরের কাপাসিয়ায় বাড়ি ফেরার পথে সাবেক এক কৃষকদল নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৩১ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার চাঁদপুর ইউনিয়নের কোটবাজারিয়া গ্রামে এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত হেলাল উদ্দিন পালোয়া (৫৫) ওই এলাকার বাসিন্দা এবং উপজেলা কৃষকদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার রাতে বাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন হেলাল উদ্দিন। বাড়ির অদূরে একটি লিচু বাগানের কাছে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তার পথরোধ করে। এ সময় তারা দেশীয় অস্ত্র দিয়ে হেলালের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।
তার চিৎকারে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) আসাদুজ্জামান। তিনি জানান, নিহতের শরীরে ও মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা শাবল উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments