কুমিল্লায় আমীরে জামায়াতের ছবি ও নির্বাচনি ফেস্টুন পুড়িয়ে দেওয়ার অভিযোগ
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও দলের নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নির্বাচনী ফেস্টুন এবং আমীরে জামায়াতের ছবি সম্বলিত ব্যানার পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
রোববার (১ ফেব্রুয়ারি) সকালে চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের কালিকাপুর এলাকার বিভিন্ন স্থানে এই ন্যাক্কারজনক ঘটনাটি স্থানীয়দের নজরে আসে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে কালিকাপুর এলাকায় ডা. আব্দুল্লাহ মো. তাহেরের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের একাধিক ফেস্টুন ও দলের আমীরের ছবি সম্বলিত ব্যানার লাগানো হয়েছিল। রোববার ভোরে স্থানীয়রা দেখতে পান, দুর্বৃত্তরা সেগুলোতে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ বলেন, এটি একটি পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত ঘটনা। সুষ্ঠু নির্বাচনি পরিবেশকে অস্থিতিশীল করতেই একটি বিশেষ পক্ষ এমন ন্যাক্কারজনক কর্মকাণ্ড ঘটিয়েছে। তারা অবিলম্বে তদন্ত সাপেক্ষে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।
জামায়াতে ইসলামীর এক বিবৃতিতে জানানো হয়, নির্বাচনি ব্যানার-ফেস্টুন পুড়িয়ে ভোটারদের মধ্যে ভয়ভীতি সৃষ্টি করার অপচেষ্টা চালানো হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড গণতান্ত্রিক মূল্যবোধ ও সুস্থ রাজনীতির পরিপন্থী। ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে প্রশাসনের কার্যকর ও কঠোর পদক্ষেপ কামনা করেছেন তারা।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা নিশ্চিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে।
আমীরে জামায়াতের ছবি ও প্রার্থীর ফেস্টুন পোড়ানোর ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments