সুশাসন ও জবাবদিহিমূলক রাষ্ট্র গড়তে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান
সুশাসন ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় জনগণকে ঐক্যবদ্ধভাবে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ।
রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে খুলনা জেলার পাইকগাছা উপজেলার রাড়ুলী ইউনিয়নের বাকা-বাজার ঈদগা মাঠে উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
মাওলানা আবুল কালাম আজাদ বলেন, “একটি সমৃদ্ধ ও শক্তিশালী রাষ্ট্র গঠনে শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন, নদী-খাল খননের মাধ্যমে কৃষির পুনর্জাগরণ এবং উন্নত যোগাযোগ অবকাঠামো গড়ে তোলার কোনো বিকল্প নেই। সৎ, যোগ্য ও আদর্শবান নেতৃত্ব নির্বাচনের মাধ্যমেই কেবল দেশকে সঠিক পথে এগিয়ে নেওয়া সম্ভব। জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া ইনসাফভিত্তিক সমাজ ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব নয়।”
আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি অভিযোগ করে বলেন, “নির্বাচনকে কেন্দ্র করে দেশবিরোধী চক্রান্তকারী মহল নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সকল অপচেষ্টা ও ভয়ভীতি উপেক্ষা করে সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধভাবে ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের সাংবিধানিক অধিকার রক্ষা করতে হবে।”
রাড়ুলী ইউনিয়ন জামায়াতের আমীর হাফেজ তৌহিদুজ্জামান নূরের সভাপতিত্বে এবং উপজেলা যুব বিভাগের সেক্রেটারি মহিববুল্লাহ ইসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার।
জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবির খুলনা জেলা দক্ষিণের সভাপতি আবু জার আল গিফারী, সাবেক সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক রায়হান হোসেন, উপজেলা নায়েবে আমীর মাওলানা বুলবুল আহম্মেদ, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল খালেক, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি ডা. আসাদুল ইসলাম ও নির্বাহী সদস্য মো. আকবর হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, জনগণের মৌলিক অধিকার রক্ষা ও ইনসাফ কায়েমের লক্ষ্যে আগামী নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থীকে জয়যুক্ত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
মানবকণ্ঠ/ডিআর




Comments