মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে ১ কোটি টাকার চেক প্রদান
মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার ও আহতদের মাঝে ১ কোটি ১৯ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ট্রাস্টি বোর্ড।
রোববার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ক্ষতিগ্রস্তদের হাতে এই চেক তুলে দেওয়া হয়।
বিআরটিএ ও মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের যৌথ আয়োজনে এই চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৬ মাসে আবেদনকারী ক্ষতিগ্রস্তদের মধ্য থেকে যাচাই-বাছাই শেষে মোট ২৭ জনকে এই আর্থিক সহায়তার আওতায় আনা হয়েছে। এর মধ্যে সড়ক দুর্ঘটনায় নিহত ২৩ জনের প্রত্যেকের পরিবারকে ৫ লাখ টাকা করে মোট ১ কোটি ১৫ লাখ টাকা এবং আহত ৪ জনের প্রত্যেককে ১ লাখ টাকা করে মোট ৪ লাখ টাকা প্রদান করা হয়।
চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএর যুগ্ম সচিব রুহাইয়াত-ই-আশিক, মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. ফিরোজ কবির। এছাড়াও বিআরটিএ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিআরটিএ কর্তৃপক্ষ জানায়, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদানের এই কার্যক্রম সরকারের একটি মানবিক উদ্যোগ। আবেদনকারীদের প্রয়োজনীয় তথ্য যাচাই-বাছাই করে দ্রুততম সময়ের মধ্যে এই আর্থিক অনুদান পৌঁছে দেওয়া হচ্ছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments