Image description

চট্টগ্রামের আনোয়ারায় বৃহত্তর সুন্নিজোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা এসএম শাহজাহানের নির্বাচনি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। 

রোববার (১ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে উপজেলার হাইলধর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের খাসখামা গ্রামের মধ্যমপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

দলীয় নেতাকর্মীদের অভিযোগ, পরিকল্পিতভাবে একদল দুর্বৃত্ত নির্বাচনি কার্যালয়ে প্রবেশ করে চেয়ার-টেবিলসহ আসবাবপত্র ভাঙচুর করে এবং কার্যালয়ের ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলে। মাত্র তিনদিন আগে গত শনিবার (৩১ জানুয়ারি) প্রার্থী এসএম শাহজাহান নিজে উপস্থিত থেকে এই কার্যালয়টির উদ্বোধন করেছিলেন। নির্বাচনের প্রাক্কালে এমন হামলাকে ‘উদ্বেগজনক’ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

খাসখামা ওয়ার্ড ছাত্রসেনার সভাপতি মোহাম্মদ শরফুদ্দিন কাদেরী বলেন, "গতকাল রাতেও আমরা অফিসে নির্বাচনি আলোচনা করেছি। সকালে এসে দেখি সব লন্ডভন্ড। আমাদের প্রার্থীর জনপ্রিয়তা দেখে ঈর্ষান্বিত হয়ে একটি মহল ভীতিকর পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে।"

বৃহত্তর সুন্নিজোটের নির্বাচন পরিচালনা কমিটির সচিব মো. নাজিমুদ্দীন জানান, "ঘটনাটি প্রশাসনকে অবহিত করা হয়েছে। সোমবার দুপুরে যৌথবাহিনীর একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।" এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি উল্লেখ করেন।

এদিকে, সোমবার দুপুরে নির্বাচনি কার্যালয়ে হামলার প্রতিবাদে ইসলামি ফ্রন্ট ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল থেকে হামলাকারীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানানো হয়।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, "নির্বাচনি কার্যালয় ভাঙচুরের বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।"

মানবকণ্ঠ/ডিআর