সীতাকুণ্ডে রিকশা গ্যারেজ থেকে মিস্ত্রির মরদেহ উদ্ধার
চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি রিকশা গ্যারেজ থেকে সজিব (৩০) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার বাড়বকুণ্ড উত্তর মাহমুদাবাদ বাজারতলী এলাকার একটি গ্যারেজ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সজিব কুমিল্লা জেলার মুরাদনগর এলাকার মো. কাশেমের ছেলে। তিনি ওই গ্যারেজে মেকানিক হিসেবে কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাবুল নামে স্থানীয় এক ব্যক্তির রিকশা গ্যারেজে কাজ করতেন সজিব। সোমবার দুপুরে গ্যারেজ খোলা রাখা নিয়ে মালিক বাবুলের সঙ্গে কর্মচারী সজিবের প্রচণ্ড ঝগড়া হয়। এর কিছুক্ষণ পর গ্যারেজের ভেতরে সজিবের রক্তাক্ত নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। নিহতের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, ঝগড়ার জেরে তাকে হত্যা করা হয়েছে।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে এবং শরীর ছিল রক্তাক্ত। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, এটি হত্যাকাণ্ড কি না তা ময়নাতদন্তের রিপোর্ট পেলে নিশ্চিত হওয়া যাবে। ঘটনার পর থেকে গ্যারেজ মালিক পলাতক রয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদের জন্য খোঁজা হচ্ছে এবং ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments