‘খালেদা জিয়ার অনুপস্থিতিতে তারেক রহমানই আমাদের একমাত্র ভবিষ্যৎ’
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপন বলেছেন, “দেশকে একটি সুশৃঙ্খল অবস্থায় ফিরিয়ে নিতে না পারলে চরম নৈরাজ্য সৃষ্টি হবে। আর এই নৈরাজ্য থেকে দেশকে রক্ষা করতে পারেন একমাত্র দেশনায়ক তারেক রহমান। দেশমাতা বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে তারেক রহমান ছাড়া আমাদের আর কোনো ভবিষ্যৎ নেই।”
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে বরিশালের আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা শেষে তিনি এসব কথা বলেন।
জহির উদ্দিন স্বপন সাধারণ ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “যারা কোনোদিন ধানের শীষে ভোট দেননি, আমি সেই নাগরিকদের অনুরোধ করব এবার ধানের শীষে ভোট দেওয়ার জন্য। আপনাদের একটি ভোটও যেন নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখবেন। দেশে নৈরাজ্য সৃষ্টি হলে অমুসলিম ভাইয়েরা বেশি ক্ষতিগ্রস্ত হন। কিন্তু ধানের শীষ বিজয়ী হলে একটি প্রতিহিংসামুক্ত ও বৈষম্যহীন সরকার কায়েম হবে।”
বিএনপির উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, “বিএনপি ক্ষমতায় গেলে প্রতিটি পরিবারে ফ্যামিলি কার্ড ও কৃষকদের জন্য কৃষি কার্ড প্রদান করা হবে। আমরা দরিদ্র জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে চাই। নারী ও কৃষি-বান্ধব সরকার গঠনের পর শিক্ষিত বেকার তরুণ-তরুণীদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তোলা হবে। যারা প্রবাসে যেতে চান, তাদের দক্ষ জনবল হিসেবে রূপান্তর করে বিদেশে পাঠানো হবে।”
তিনি আরও যোগ করেন, “ভবিষ্যতের সরকার প্রতিহিংসা আর কান্নাকাটির সরকার হবে না। এটি হবে জনগণের একটি প্রকৃত কল্যাণকামী সরকার, যার সুযোগ্য নেতা হবেন তারেক রহমান।”
পথসভায় উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক শিকদার হাফিজুর রহমান, সদস্য সচিব বশির আহম্মেদ পান্নাসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী। এদিন গণসংযোগকালে সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
মানবকণ্ঠ/ডিআর




Comments