রাজশাহী-০৬ (চারঘাট-বাঘা) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক বলেছেন, “জামায়াত ক্ষমতায় এলে এদেশের মানুষ শান্তিতে ঘুমাতে পারবেন। আমরা একটি দুর্নীতিমুক্ত, চাঁদাবাজমুক্ত ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়তে চাই, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সম্মান নিশ্চিত হবে।”
সোমবার (০২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজশাহীর চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের নন্দনগাছী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী গণসংযোগ ও সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যক্ষ নাজমুল হক যুবসমাজের উদ্দেশ্যে বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী কেবল কথার রাজনীতিতে বিশ্বাসী নয়। আমরা আমাদের ইশতেহারে স্পষ্ট করেছি—বেকার যুবক-যুবতীদের আমরা অবমাননাকর ‘বেকার ভাতা’ নয়, বরং তাদের হাতে সম্মানজনক কাজ তুলে দেব। তারা মেধা ও যোগ্যতার ভিত্তিতে কাজ করে এ দেশে মাথা উঁচু করে চলবে।”
স্থানীয় উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তিনি আরও বলেন, “নিমপাড়া ইউনিয়নের কালুহাটি পাদুকা শিল্প এক সময় অত্যন্ত সমৃদ্ধ ছিল। আমরা নির্বাচিত হলে এই শিল্পকে বিশেষ প্রণোদনা ও প্রয়োজনীয় সমর্থন দিয়ে বিশ্বমানের করে গড়ে তুলব। ইনশাআল্লাহ, এই অঞ্চলের অর্থনৈতিক চেহারা বদলে দেওয়া হবে।”
আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ভোটারদের উদ্দেশ্যে তিনি ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দিয়ে দেশে ইনসাফ কায়েমের আহ্বান জানান।
নিমপাড়া ইউনিয়ন জামায়াতের আমীর মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন বাঘা উপজেলার সাবেক চেয়ারম্যান জিন্নাত আলী, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি শফিকুল ইসলাম, চারঘাট উপজেলা জামায়াতের সেক্রেটারি সুফেল রানা, চারঘাট উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি সালাউদ্দিন মানিক এবং গোপালগঞ্জ বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতিসহ ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী।
মানবকণ্ঠ/ডিআর




Comments