Image description

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে হবিগঞ্জ–৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত সুন্নি জোটের সংসদ সদস্য প্রার্থী মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরিকে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ দিদার হোসাইন স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে এই সতর্কবার্তা দেওয়া হয়।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান।

নোটিশ সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গত ১৫ জানুয়ারি গিয়াস উদ্দিন তাহেরি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘THE SPEECH’ নামক একটি পেজের ভিডিও লিংক ব্যবহার করে তার নির্বাচনী প্রতীক ‘মোমবাতি’র পক্ষে ভোট প্রার্থনা করেন। এই কর্মকাণ্ড সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ১৮-এর সরাসরি পরিপন্থী।

ইসির নোটিশে উল্লেখ করা হয়, এ ধরনের আগাম প্রচারণা বা বিধি বহির্ভূত কর্মকাণ্ড অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনায় বিঘ্ন সৃষ্টি করতে পারে। ভবিষ্যতে এমন আচরণের পুনরাবৃত্তি না করার জন্য তাকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

এ বিষয়ে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. জিয়াউর রহমান বলেন, “নির্বাচন কমিশনের পক্ষ থেকে পাঠানো সতর্কবার্তাটি সংশ্লিষ্ট প্রার্থীর কাছে পৌঁছে দেওয়া হয়েছে। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বজায় রাখতে আচরণবিধি মেনে চলা সবার জন্য বাধ্যতামূলক। অন্যথায় আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য, গিয়াস উদ্দিন আত তাহেরি চুনারুঘাট-মাধবপুর আসন থেকে ‘মোমবাতি’ প্রতীক নিয়ে সুন্নি জোটের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনী মাঠে তার ব্যাপক পরিচিতি থাকলেও শুরুতেই আচরণবিধি ভঙ্গের দায়ে তাকে এই সতর্কবার্তা দিলো ইসি।

মানবকণ্ঠ/ডিআর