Image description

দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থীর (মোটরসাইকেল প্রতীক) এক কর্মীকে মারধর করে জিহবা ছিঁড়ে ফেলার ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ধানের শীষ প্রতীকের কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্তরা হলেন—বিরল উপজেলার দামাইল (খোসালডাঙ্গা) এলাকার মৃত রশিদুল ইসলামের ছেলে মোঃ শাহিন (৩৮) এবং তেঘরা মহেশপুর সরকারপাড়া এলাকার মোঃ গোলাম হোসেনের ছেলে মোঃ সোহাগ (৩৫)। তারা ধানের শীষ প্রতীকের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২ ফেব্রুয়ারি বিকেলে উপজেলার কাঞ্চন বাজার এলাকার এশিয়া ফিলিং স্টেশনের সামনে স্বতন্ত্র প্রার্থী (বিএনপির বহিষ্কৃত নেতা) ‘কালু চেয়ারম্যান’-এর মোটরসাইকেল প্রতীকের লিফলেট বিতরণ ও গণসংযোগ করছিলেন মো. সুমন শাহ (৪৩)। এ সময় অভিযুক্ত শাহিন ও সোহাগ সেখানে এসে সুমনকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। ‘কেন মোটরসাইকেলের ভোট করছিস’—এই বলে তারা সুমনকে এলোপাতাড়ি কিলঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করেন। একপর্যায়ে তারা সুমনের জিহবা টেনে ছিঁড়ে ফেলাসহ তাকে প্রাণনাশের হুমকি দেন। পরে স্থানীয়রা আহত অবস্থায় সুমনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিমরান মোহাম্মদ সায়েক জানান, "মারধরের ঘটনাটি জানার পরপরই পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (সহকারী কমিশনার-ভূমি) ইশতিয়াক আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আজ বিকেলে এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"

মানবকণ্ঠ/ডিআর