Image description

পটুয়াখালীর দশমিনা উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের বিশেষ যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ ৩ জনকে আটক করা হয়েছে। 

মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) ভোর রাত ২টা থেকে ভোর ৫টা পর্যন্ত উপজেলার রনগোপালদী গ্রামে এই অভিযান পরিচালিত হয়।

দশমিনা টিটিসি আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর তানজিল নূরের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে রনগোপালদী গ্রাম থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। 

আটককৃতরা হলেন-  মো. হানিফ পেশকার (২৫), পিতা: মো. হারুন পেশকার; মো. সুমন সরদার (৩২), পিতা: সুশীল সরদার এবং মো. জিয়া (৩০), পিতা: আব্দুল হক হাওলাদার। তারা সবাই স্থানীয় রনগোপালদী গ্রামের বাসিন্দা।

অভিযানকালে আটককৃতদের কাছ থেকে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে:

১টি অটোমেটিক চাকু ও ৭টি দেশীয় অস্ত্র।

প্রায় ৫০০ গ্রাম গাঁজা ও ১৯ পিস ইয়াবা ট্যাবলেট।

মাদক সেবনের সরঞ্জাম ও ২ুটি ডিজিটাল ওজন মাপার যন্ত্র।

মাদক বিক্রির নগদ ১৩ হাজার ৪০০ টাকা।

৯ পিস যৌন উত্তেজনামূলক ট্যাবলেট ও ৪টি মোবাইল ফোন।

দশমিনা টিটিসি আর্মি ক্যাম্প সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চিহ্নিত মাদক ব্যবসায়ীদের আস্তানায় এই হানা দেওয়া হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের দশমিনা থানায় হস্তান্তর করা হবে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, এলাকায় মাদক, অস্ত্র ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে যৌথ বাহিনীর এই কঠোর অবস্থান ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মানবকণ্ঠ/ডিআর