ফাইল ছবি
বরগুনার পাথরঘাটা উপজেলায় ১৫ বছর বয়সী নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে ওইদিন সন্ধ্যায় ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে পাথরঘাটা থানায় একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে ওই কিশোরীও থানায় উপস্থিত হয়ে বাবার বিরুদ্ধে লিখিত অভিযোগ দেয়।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরী স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। গত জানুয়ারি মাসে নিজ বাড়িতে দুই দফায় সে বাবার লালসার শিকার হয়। ধর্ষণের ঘটনার পর প্রমাণ নষ্ট করতে অভিযুক্ত বাবা তাকে জন্মনিয়ন্ত্রণ ওষুধ সেবন করতে বাধ্য করেন বলেও অভিযোগ করা হয়েছে।
এদিকে স্থানীয় এক জনপ্রতিনিধি নাম প্রকাশ না করার শর্তে জানান, অভিযুক্ত ব্যক্তির চরিত্র নিয়ে আগে থেকেই এলাকায় নানা গুঞ্জন ছিল। এর আগেও প্রতিবেশী এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। তবে সে সময় স্থানীয়ভাবে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে বিষয়টি ধামাচাপা দেওয়া হয়েছিল।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মং চেনলা সংবাদমাধ্যমকে বলেন, “প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় কালক্ষেপণ না করে দ্রুত মামলা নেওয়া হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় আমরা অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত পরিচালনা করছি।”
পুলিশ সূত্রে আরও জানা যায়, বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য ওই কিশোরীকেও আদালতে নেওয়া হবে।
মানবকণ্ঠ/ডিআর




Comments