Image description

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নেত্রকোনা জেলায় উৎসবমুখর ও নিরাপদ পরিবেশ নিশ্চিতে নিছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভোটার ও নির্বাচন সংশ্লিষ্ট সকলের জানমালের রক্ষায় জেলায় পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে নেত্রকোনা জেলা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচনের সার্বিক নিরাপত্তা প্রস্তুতি তুলে ধরেন পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম। 

তিনি জানান, জেলার মোট ৭৭৬টি ভোটকেন্দ্রে নিরাপত্তার জন্য ১ হাজার ৮৯০ জন পুলিশ সদস্য সরাসরি দায়িত্ব পালন করবেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় নিরাপত্তা ব্যবস্থা কেবল কেন্দ্রেই সীমাবদ্ধ থাকছে না। প্রতিটি উপজেলায় পুলিশের একটি করে শক্তিশালী ‘স্ট্রাইকিং ফোর্স’ কাজ করবে। এছাড়া মাঠ পর্যায়ে নিরাপত্তার মূল স্তম্ভ হিসেবে টহলে থাকবে সেনাবাহিনী, বিজিবি এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গোয়েন্দা নজরদারি বৃদ্ধির মাধ্যমে যেকোনো ধরনের বিশৃঙ্খলা রোধে পুলিশ সর্বোচ্চ তৎপর রয়েছে।

পুলিশ সুপার আরও জানান, জেলায় মোট ১১০টি কেন্দ্রকে ‘ঝুঁকিপূর্ণ’ বা অধিক গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে সাধারণ কেন্দ্রের তুলনায় অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা এবং বাড়তি জনবল মোতায়েন থাকবে।

পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম বলেন, "আমরা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর। ভোটাররা যাতে নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেই পরিবেশ তৈরিতে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।"

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শেরপুর জেলা পুলিশের কমান্ড্যান্ট ইন সার্ভিস সেন্টার ফখরুজ্জামান জুয়েল, নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার রিপন চন্দ্র মোদক, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

মানবকণ্ঠ/ডিআর