আওয়ামী লীগ সংসদকে অপবিত্র করে গানের আসর বসিয়েছিল: আলতাফ
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, "বিগত আওয়ামী লীগ সরকার দিনের ভোট রাতে করে পবিত্র সংসদকে অপবিত্র করেছে। তারা সংসদের ভেতর গানের আসর বসিয়ে এর মর্যাদা ক্ষুণ্ণ করেছে। আমরা দেশে আর এ ধরনের কোনো প্রহসনের নির্বাচন দেখতে চাই না।"
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী সরকারি রহমান ইসহাক মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিগত সরকারের সমালোচনা করে আলতাফ হোসেন চৌধুরী বলেন, "যারা বিগত দিনে হত্যা, গুম ও মিথ্যা মামলা দেওয়ার সঙ্গে জড়িত ছিলেন, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। তবে আওয়ামী লীগের যেসব সাধারণ নেতাকর্মী কোনো অন্যায় বা অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন না, তাদের ভয়ের কিছু নেই; তাদের কোনো ক্ষতি করা হবে না।"
গণতন্ত্র ও নির্বাচন প্রসঙ্গে তিনি আরও বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রকে গলাটিপে হত্যা করেছিল। ১৫৩ জন সংসদ সদস্যকে ভোটের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে এবং ব্যালট বাক্স ভর্তি করে তারা জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছিল। আগামী নির্বাচনে মানুষ সেই অপশাসনের জবাব দেবে।
উপজেলা বিএনপির সহ-সভাপতি প্রফেসর মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম ফরাজির সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন— বিএম কলেজের সাবেক ভিপি মো. জাফর ইমাম সিকদার, উপজেলা বিএনপির সভাপতি মো. সাহাবুদ্দিন নান্নু, সাবেক সভাপতি মো. মোবারক আলী মুন্সী, ড্যাব (DAB) সদস্য ডা. মো. সাইফুল ইসলাম রঞ্জু, উপজেলা বিএনপির সহ-সভাপতি এস এম আহসানুল্লাহ পিন্টু সিকদার, আনোয়ার হোসেন সিকদার এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ মুন্সী প্রমুখ।
সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ সমর্থক উপস্থিত ছিলেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments