Image description

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী জহিরুল ইসলাম (সিআইপি) প্রতিদ্বন্দ্বী সকল প্রার্থীর প্রতি ‘ওপেন চ্যালেঞ্জ’ ছুড়ে দিয়েছেন। তিনি বলেন, “আসুন, কাদা ছোড়াছুড়ি বন্ধ করে আমরা একই টেবিলে বসি। বিগত ১৫ বছর কে জনগণের কল্যাণে কী করেছেন এবং আগামীতে কার কী পরিকল্পনা আছে—তা নিয়ে খোলামেলা আলোচনা করি।”

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে চাটখিল দলীয় কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে জহিরুল ইসলাম একটি বিশেষ দলের প্রতি ইঙ্গিত করে অভিযোগ করেন, নির্বাচনী প্রচারণায় তাকে নানাভাবে বাধা দেওয়া হচ্ছে। তার পোস্টার-ব্যানার ছিঁড়ে ফেলা, দলীয় নেতাকর্মীদের হুমকি প্রদান এবং নারী কর্মীদের হেনস্তা করার মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটছে বলে তিনি দাবি করেন।

তিনি বলেন, “হাতপাখার পক্ষে গণজোয়ার দেখে একটি পক্ষ ঈর্ষান্বিত হয়ে পড়েছে। এক পক্ষ মিথ্যাচার করছে, অন্য পক্ষ ভয়ভীতি প্রদর্শন করছে। আমরা ইতোমধ্যে জেলা রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরে এসব বিষয়ে লিখিত অভিযোগ জানিয়েছি।”

বিগত ১৫ বছরের রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করে তিনি আরও বলেন, “চাটখিল-সোনাইমুড়ীর মানুষকে আর ধোঁকা দেবেন না। মানুষই বিচার করবে গত ১৫ বছর কারা তাদের পাশে ছিল আর কারা কেবল শোষণ করেছে। ধোঁকার রাজনীতি পরিহার করে মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়ার সময় এসেছে।”

আগামী ১২ তারিখের নির্বাচনকে সামনে রেখে ভোটারদের অভয় দিয়ে তিনি বলেন, “ভোটকেন্দ্রে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। আপনারা কোনো ভয় পাবেন না। নির্ভয়ে কেন্দ্রে গিয়ে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করুন।”

সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন ও হাতপাখা প্রতীকের স্থানীয় পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন শেষে তিনি চাটখিল পৌর শহরে এক বিশাল গণমিছিলে নেতৃত্ব দেন।

মানবকণ্ঠ/ডিআর