Image description

বগুড়ার শেরপুর পৌর শহরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে এক সাংবাদিকের পৈতৃক সম্পত্তি দখল ও ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। 

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে শেরপুর পৌর শহরের জগন্নাথপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক প্রবীর মোহন্ত বল্টু বাদী হয়ে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, দৈনিক বাংলা পত্রিকার বগুড়া জেলা প্রতিনিধি প্রবীর মোহন্ত বল্টুর সাথে স্থানীয় শুভ চন্দ্র দাস (৩২), শ্যামল চন্দ্র দাস (৬০) ও জ্যোতিকা রানীর (৬৫) জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছে। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ হলেও বিবাদী পক্ষ তা অমান্য করে আসছিল। পরবর্তীতে ২০২০ সালে প্রবীর মোহন্তের পিতা বগুড়ার জেলা যুগ্ম জজ ১ম আদালতে একটি মামলা (১৫৬/২০২০) দায়ের করেন। উক্ত মামলায় আদালত বিতর্কিত জমির ওপর ‘স্থিতাবস্থা’ (Status Quo) বজায় রাখার আদেশ প্রদান করেন।

ভুক্তভোগীর অভিযোগ, আদালতের সেই সুস্পষ্ট আদেশ অমান্য করে গত রোববার জোরপূর্বক ওই জায়গায় ঘর নির্মাণ শুরু করেন প্রতিপক্ষরা। সাংবাদিক প্রবীর মোহন্ত বল্টু নির্মাণ কাজে বাধা দিতে গেলে বিবাদীরা তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং প্রাণনাশের হুমকি দেয়। এসময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও বিচার দাবিতে থানায় লিখিত অভিযোগ করা হয়।

এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইব্রাহিম হোসেন জানান, সাংবাদিকের জায়গা দখলের বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মানবকণ্ঠ/ডিআর