Image description

শরীয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের ডোবায় পড়ে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে জাজিরা পৌরসভার ঠান্ডার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ‘পদ্মা ট্রাভেলস’ নামের একটি যাত্রীবাহী বাস প্রায় ৩৫ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে শরীয়তপুরের নড়িয়ার উদ্দেশ্যে যাচ্ছিল। ঠান্ডার মোড় এলাকায় পৌঁছালে চলমান সড়ক সংস্কার কাজের কারণে রাস্তা সংকীর্ণ থাকায় বাসটির একটি চাকা সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি উল্টে পাশের একটি গভীর ডোবায় পড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং বাসের জানালা ও দরজা ভেঙে আটকে পড়া যাত্রীদের উদ্ধার শুরু করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে যোগ দেন। দুর্ঘটনায় আহত ২০ জনকে তাৎক্ষণিকভাবে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থা সংকটাপন্ন হওয়ায় দুজনকে ঢাকায় স্থানান্তর করা হয়।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহাম্মদ জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে সহায়তা করেছে। আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারের প্রক্রিয়া চলছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মানবকণ্ঠ/ডিআর