মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) আসনে ১১ দলীয় ঐক্যজোট সমর্থিত ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী প্রীতম দাশ তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে কমলগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই ইশতেহার পেশ করেন।
ইশতেহার ঘোষণা করে প্রীতম দাশ বলেন, “আমার রাজনীতির মূল লক্ষ্যই হলো মানুষের কল্যাণ। শ্রমিক, কৃষক, যুবক ও আদিবাসীসহ সমাজের সব অবহেলিত শ্রেণির অধিকার ও মর্যাদা নিশ্চিত করতেই আমি নির্বাচনে দাঁড়িয়েছি। আমি বিজয়ী হলে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ হবে একটি আধুনিক ও বৈষম্যহীন জনপদ।”
ইশতেহারের উল্লেখযোগ্য অঙ্গীকারসমূহ:
১. চা শ্রমিক ও আদিবাসী অধিকার: চা শ্রমিক ও আদিবাসী জনগোষ্ঠীর ভূমির অধিকার নিশ্চিত করা এবং তাদের ভাষা ও সংস্কৃতি সংরক্ষণে কার্যকর ব্যবস্থা গ্রহণ।
২. হাওর রক্ষা ও মাছ ধরার অধিকার: হাওর দখলমুক্ত করে জলমহাল সিন্ডিকেট ভেঙে দেওয়া এবং নির্দিষ্ট ফি’র বিনিময়ে সাধারণ মানুষের মাছ ধরার অধিকার নিশ্চিত করা।
৩. বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ: শ্রীমঙ্গলের শিক্ষা প্রতিষ্ঠানের সামনের ময়লার ভাগাড় অপসারণ করে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট স্থাপন এবং পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে জলাবদ্ধতা নিরসন।
৪. স্বাস্থ্যসেবা: শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ২৫০ শয্যায় উন্নীতকরণ এবং পর্যাপ্ত চিকিৎসক ও নার্স নিয়োগ নিশ্চিত করা।
৫. পৌরসভা ও অবকাঠামো: শ্রীমঙ্গল ও কমলগঞ্জ পৌরসভা বর্ধিতকরণ, শমসেরনগরকে পৌরসভায় রূপান্তর এবং যানজট নিরসনে আধুনিক বাসস্ট্যান্ড ও সিএনজি স্টেশন নির্মাণ।
৬. কৃষি উন্নয়ন: কৃষকদের জন্য সার, সেচ ও উন্নত কৃষি উপকরণ সহজলভ্য করা।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মৌলভীবাজার জেলা কমিটির আহ্বায়ক মো. খালেদ হাসান, যুগ্ম আহ্বায়ক মো. বদরুল হোসেন, যুগ্ম সদস্য সচিব সামায়েল রহমান ও জুনেদ আহমদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রীতম দাশ ভোটারদের উদ্দেশ্যে বলেন, “পরিবর্তনের পক্ষে এবং একটি উন্নত জনপদ গড়তে আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করুন। আপনাদের সেবা করার সুযোগ পেলে আমি মৌলভীবাজার-৪ আসনকে সারা দেশের মডেলে পরিণত করব।”
মানবকণ্ঠ/ডিআর




Comments