দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাদিক রিয়াজ চৌধুরী বলেছেন, “আমি বিরল ও বোচাগঞ্জ এলাকাকে একটি সুন্দর ফুল বাগান হিসেবে গড়ে তুলতে চাই। এই বাগানের প্রতিটি গাছ হলো এ অঞ্চলের হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ। আমি সেই বাগানের মালি হয়ে প্রতিটি মানুষের পরিচর্যা ও সেবা করতে চাই।”
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে বিরল কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাদিক রিয়াজ চৌধুরী বলেন, “আমি কারও সমালোচনা বা বদনাম করে নয়, বরং নিজের কর্ম দিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিতে চাই। আমি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে প্রতিটি মানুষের জানমালের নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হবে। এমনকি মন্দির, মসজিদ ও গির্জার ইমাম, পুরোহিত ও ধর্মযাজকদের জন্য সরকারি সম্মাননা ও উৎসব ভাতার ব্যবস্থা করা হবে।”
বিএনপির জনকল্যাণমূলক পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, “বিএনপি ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতিটি পরিবারকে মাসে ২ হাজার ৫০০ টাকা করে সহায়তা দেওয়া হবে। কৃষকদের স্বাবলম্বী করতে কোনো জামানত ছাড়াই কৃষি ঋণ প্রদান এবং ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে। এছাড়া এনজিও থেকে ঋণ নেওয়া ব্যক্তিদের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ আর পরিশোধ করতে হবে না।”
এলাকাকে দুর্নীতি ও মাদকমুক্ত করার ঘোষণা দিয়ে তিনি বলেন, “বিরল-বোচাগঞ্জে কোনো চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীর স্থান হবে না। যদি বিএনপির পরিচয় দিয়েও কেউ চাঁদাবাজি করে, তাকে দলে রাখা হবে না। আমরা চাই একটি শিক্ষিত ও সুস্থ যুব সমাজ। এছাড়া স্থানীয় হাসপাতালগুলোতে প্রসূতি মা ও সাধারণ মানুষের জন্য উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে।”
উপজেলা বিএনপির সভাপতি বাবুল হোসেনের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিলন ও প্রচার সম্পাদক এম আক্কাসের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন—কেন্দ্রীয় বিএনপির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোকসেদ আলী মঙ্গলীয়, জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুব আহমেদ, বিরল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, বোচাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম, পৌর বিএনপির আসাদুল হক হিরা ও নুরজামাল হোসেন।
জনসভায় জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল ও স্বেচ্ছাসেবক দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ হাজার হাজার সমর্থক উপস্থিত ছিলেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments