বিলাইছড়ির দুর্গম ৫ কেন্দ্রে হেলিকপ্টারে পৌঁছাল নির্বাচনী সরঞ্জাম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে রাঙামাটির বিলাইছড়ি উপজেলার অতি দুর্গম ভোটকেন্দ্রগুলোতে নির্বাচনী প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে। সড়ক ও নৌপথের কোনো যোগাযোগ ব্যবস্থা না থাকায় বাংলাদেশ সেনাবাহিনী ও বিমানবাহিনীর সহযোগিতায় এসব কেন্দ্রে হেলিকপ্টারের মাধ্যমে নির্বাচনী সরঞ্জাম ও ভোটগ্রহণ কর্মকর্তাদের নিরাপদে পৌঁছে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে বিলাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার হাসনাত জাহান খান এই তথ্য নিশ্চিত করেছেন।
এদিন সর্বশেষ ৪নং বড়থলি ইউনিয়নের বড়থলি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এবং প্রাংজাংপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জনবল ও যাবতীয় সামগ্রী পৌঁছানোর মাধ্যমে ‘হেলিসোর্টি’ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়।
সহকারী রিটার্নিং অফিসার জানান, বিলাইছড়ি উপজেলার মোট ১৩টি ভোটকেন্দ্রের মধ্যে ৫টি কেন্দ্র অত্যন্ত দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থিত। এসব কেন্দ্রে যাতায়াতের বিকল্প কোনো পথ না থাকায় হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে। এর আগে গত ৭ ফেব্রুয়ারি রাইমংছড়া পাড়া কেন্দ্র এবং ৮ ফেব্রুয়ারি ফারুয়া ইউনিয়নের তাড়াছড়ি ও ফারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রয়োজনীয় সরঞ্জাম ও কর্মকর্তাদের পাঠানো হয়।
উপজেলা প্রশাসন জানায়, সব কেন্দ্রে মালামাল ও জনবল পৌঁছানোর কাজ নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। দুর্গম পাহাড়ের এসব কেন্দ্রে ভোটাররা যাতে উৎসবমুখর পরিবেশে ও নিরাপদে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেজন্য নিরাপত্তা ব্যবস্থাসহ সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments