আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বিয়ের আশ্বাসে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগে দায়ের করা একটি মামলায় এ আদেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২–এর বিচারক আনোয়ারুল হক এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আলী আসগার জানান, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করার পর বিচারক হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, সাদিয়া রহমান মিথিলাকে নায়িকা বানানোর আশ্বাস দিয়ে আশরাফুল আলম প্রতারণামূলকভাবে বিয়ের প্রলোভন দেখান। পরে ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, তিনি তাকে ধর্ষণ, শারীরিক নির্যাতন করেন এবং গর্ভপাত করাতে বাধ্য করেন। অভিযোগ অস্বীকার করায় ভুক্তভোগী ২০২৫ সালের ২১ এপ্রিল নারী ও শিশু নির্যাতন দমন আইনে হিরো আলমের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
তদন্তে পিবিআই প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পায়। পরবর্তীতে আদালত অভিযোগটি আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
এ বিষয়ে বক্তব্য জানতে হিরো আলমের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
মানবকণ্ঠ/আরআই




Comments