নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে ধানের শীষের সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। কলস প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের বিরুদ্ধে এই হামলার অভিযোগ তুলেছেন বিএনপির প্রার্থী ফারজানা শারমিন পুতুলের সমর্থকরা। এতে বিএনপির দুই কর্মী গুরুতর আহত হয়েছেন এবং দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে লালপুর উপজেলার আরবাব ইউনিয়নের বড়বাড়িয়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন- বড়বাড়িয়া এলাকার শফিকুল ইসলাম (৬০) এবং লালপুর থানা যুবদলের সাবেক প্রচার সম্পাদক এ কে ফজলুল হক (৪৮)। তারা বর্তমানে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে বড়বাড়িয়া হিন্দুপাড়া এলাকায় স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর সমর্থকরা ভোটারদের মাঝে টাকা বিতরণ করছেন—এমন সংবাদ পেয়ে ধানের শীষের কর্মীরা সেখানে যান। এ সময় কলস প্রতীকের সমর্থক ফারুকসহ ১০-১৫ জন তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাদের মারধর করার পাশাপাশি দুটি মোটরসাইকেল পিটিয়ে ভাঙচুর করে।
হামলার অভিযোগ অস্বীকার করে কলস প্রতীকের সমর্থক ফারুক বলেন, "আমার বিরুদ্ধে ওঠা অভিযোগ সত্য নয়, সেখানে অন্য কোনো বিষয় থাকতে পারে।"
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান জানান, নির্বাচনী প্রচার নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও মোটরসাইকেল ভাঙচুরের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় উভয় পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মানবকণ্ঠ/ডিআর




Comments