আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ প্রশাসন। নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ ও সহিংসতামুক্ত রাখতে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে যৌথভাবে যানবাহন তল্লাশি ও টহল জোরদার করা হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বালুরচর এলাকায় সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর সদস্যরা অবস্থান নিয়ে বিভিন্ন যানবাহন থামিয়ে চালক ও যাত্রীদের তল্লাশি করেন।
এ সময় নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন নির্দেশনা প্রদানের পাশাপাশি ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানানো হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার দিবাগত রাত ১২টার পর থেকে উপজেলায় সব ধরণের মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ থাকবে। এই নির্দেশনা বাস্তবায়নে কঠোর অবস্থানে থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
নিরাপত্তা বাহিনীর এই তৎপরতাকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ। তারা জানান, সেনাবাহিনী ও পুলিশের সক্রিয় উপস্থিতিতে এলাকায় নিরাপত্তা বোধ কাজ করছে এবং ভোটারদের মধ্যে আত্মবিশ্বাস বাড়ছে।
অভিযানে নেতৃত্ব দেওয়া বাংলাদেশ সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার হায়দার জাহান বলেন, “নির্বাচনে কোনো ধরনের সহিংসতার সুযোগ দেওয়া হবে না। আইন-শৃঙ্খলা রক্ষা করাই আমাদের প্রধান দায়িত্ব। অবৈধ অস্ত্র উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
সংশ্লিষ্টরা মনে করছেন, সেনাবাহিনী ও পুলিশের এমন কঠোর অবস্থানের ফলে খালিয়াজুরী উপজেলায় একটি সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণের পথ সুগম হয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments