Image description

পিরোজপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলমগীর হোসেনের পক্ষে নির্বাচনী বিধিমালা লঙ্ঘন করে টাকা বিলানোর অভিযোগে হারুন অর রশিদ নামে স্থানীয় এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। 

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) গভীর রাতে জেলার ইন্দুরকানী উপজেলার ইন্দুরকানী বাজার সংলগ্ন মীরাবাড়ি এলাকা থেকে তাকে ২০ হাজার টাকাসহ আটক করা হয়। আটক হারুন অর রশিদ ইন্দুরকানী বাজার কমিটির সাধারণ সম্পাদক।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শামীম হোসেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে বিএনপি নেতা হারুন অর রশিদ তার কয়েকজন সহযোগী নিয়ে মীরাবাড়ি এলাকায় টাকা বিতরণ করছিলেন। বিষয়টি টের পেয়ে স্থানীয় বাসিন্দারা বাধা দিলে হারুন ও তার সঙ্গীরা উত্তেজিত হয়ে সাধারণ মানুষের ওপর হামলা চালায় এবং প্রাণনাশের হুমকি দেয়। খবর পেয়ে সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে পৌঁছালে হারুনের সহযোগীরা পালিয়ে গেলেও তাকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে নগদ ২০ হাজার টাকা জব্দ করা হয়। পরে সেনাবাহিনী তাকে ইন্দুরকানী থানায় হস্তান্তর করে।

হামলায় স্থানীয় বাসিন্দা ইসমাইল মৃধা, আরিফ এবং মারুফ মীরসহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ বিষয়ে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বন্যা খাতুন ও অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান সাংবাদিকদের জানান, বিষয়টি কেবল নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন বা ঘুষ দিয়ে ভোট কেনার মধ্যেই সীমাবদ্ধ নয়; এখানে সাধারণ মানুষকে মারধর ও হুমকির ঘটনাও ঘটেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জড়িত সকল আসামির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সুষ্ঠু নির্বাচনের পরিবেশে বিঘ্ন ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে।

মানবকণ্ঠ/ডিআর