রায়গঞ্জে ১৮ সহকর্মী নিয়ে জামায়াতে যোগ দিলেন ছাত্রদল নেতা
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও জুলাই আন্দোলনের সক্রিয় কর্মী ফারদিন হাসান মুজাহিদ ১৮ জন সহকর্মীসহ আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ধানগড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে ১১ দলীয় ঐক্য জোটের নির্বাচনী কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তারা এই যোগদান সম্পন্ন করেন।
জানা গেছে, ফারদিন হাসান মুজাহিদ দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং ইউনিয়ন পর্যায়ে সাহসী ও সক্রিয় ভূমিকা পালন করে আসছিলেন। নির্বাচনের আগমুহূর্তে তার এই দলবদলের ঘটনা স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
যোগদান অনুষ্ঠানে ফারদিন হাসান মুজাহিদ বলেন, “দেশ ও জাতির কল্যাণে কাজ করার লক্ষ্য এবং আদর্শিক জায়গা থেকে আমি এই সিদ্ধান্ত নিয়েছি। আশা করি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মে থেকে জনগণের পাশে আরও জোরালোভাবে থাকতে পারব।” তার সঙ্গে যোগ দেওয়া ১৮ জন সহকর্মীও একই ধরনের প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে স্থানীয় জামায়াত ও ১১ দলীয় ঐক্য জোটের নেতারা নবাগতদের স্বাগত জানিয়ে বলেন, তরুণ নেতৃত্বের এই যোগদান সংগঠনকে আরও শক্তিশালী করবে এবং আগামীর রাজনৈতিক কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে।
এ সময় উপস্থিত ছিলেন ধানগড়া ইউনিয়ন (দক্ষিণ শাখা) জামায়াতের সাবেক সভাপতি এস এম মমতাজ হোসেন, সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক ছাত্রনেতা মো. মোক্তাদির হোসেন, ইউনিয়ন জামায়াত নেতা মো. হায়দার আলী, আব্দুস সবুর এবং মো. নুরুল ইসলাম প্রমুখ।
এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইফুল্লাহ ইবনে সাঈদ সজল মুঠোফোনে জানান, মুজাহিদ ছাত্রদলের নেতা হওয়ার বিষয়টি সত্য, তবে তার জামায়াতে যোগদানের খবরটি তিনি এখনো আনুষ্ঠানিকভাবে জানেন না।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের ঠিক আগমুহূর্তে ইউনিয়ন পর্যায়ের একজন ছাত্রদল নেতার এই দলবদল ধানগড়া ইউনিয়নের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করতে পারে।
মানবকণ্ঠ/ডিআর




Comments