Image description

অসুস্থ শরীর নিয়ে হাসপাতালের বিছানায় শুয়ে থাকলেও মন পড়ে ছিল ভোটকেন্দ্রে। শারীরিক যন্ত্রণা আর হাতে বিঁধে থাকা ক্যানুলা—কোনোটিই বাধা হতে পারেনি তার গণতান্ত্রিক অধিকারের পথে। প্রিয় প্রার্থীকে ভোট দিতে হাসপাতাল থেকে সরাসরি অ্যাম্বুলেন্সে চড়ে ভোটকেন্দ্রে হাজির হলেন ষাটোর্ধ্ব এক নারী।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিনাজপুরের বিরল উপজেলার মঙ্গলপুর মাইনুল হাসান মহাবিদ্যালয় ভোটকেন্দ্রে এমন এক বিরল ও অনুপ্রেরণামূলক দৃশ্য দেখা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই নারী গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কিন্তু ভোটের দিন সকালে তিনি তার ভোটাধিকার প্রয়োগের তীব্র ইচ্ছা প্রকাশ করেন। তার এই জেদের কাছে হার মেনে স্বজনরা তাকে হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স যোগে সরাসরি কেন্দ্রে নিয়ে আসেন। অ্যাম্বুলেন্স থেকে নামার সময় তার হাতে তখনো চিকিৎসার জন্য লাগানো ক্যানুলাটি দৃশ্যমান ছিল।

বিরল উপজেলার এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সাড়া ফেলেছে। অনেকেই তার এই সাহসী পদক্ষেপকে নাগরিক দায়িত্ববোধের শ্রেষ্ঠ উদাহরণ হিসেবে বর্ণনা করছেন।

মানবকণ্ঠ/ডিআর