রাঙ্গামাটি শহরের একটি ভোটকেন্দ্রে জাল ভোট দেওয়ার চেষ্টাকালে শফিউল বাশার (১৯) নামের এক যুবককে হাতেনাতে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে শহরের রিজার্ভ বাজারের পুরানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে।
কেন্দ্র সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই যুবক ভোট দেওয়ার উদ্দেশ্যে বুথে প্রবেশ করেন। তবে ব্যালট পেপারে সিল দেওয়ার আগেই তার পরিচয় ও গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় কর্তব্যরত পোলিং অফিসাররা তাকে চ্যালেঞ্জ করেন। পরবর্তীতে জালিয়াতির বিষয়টি নিশ্চিত হলে কেন্দ্রের প্রিসাইডিং অফিসার তাকে ভ্রাম্যমাণ আদালতের হাতে সোপর্দ করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পুরানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার টিপু সুলতান জানান, "এক ব্যক্তি জাল ভোট দেওয়ার চেষ্টা করলে আমরা তাৎক্ষণিকভাবে তাকে শনাক্ত করি। নিয়ম অনুযায়ী তাকে পুলিশের মাধ্যমে ভ্রাম্যমাণ টিমের হাতে তুলে দেওয়া হয়েছে।"
রাঙ্গামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দীন বলেন, "ভোট দেওয়ার প্রস্তুতির সময় আমরা তাকে আটক করতে সক্ষম হই। সে কোনো ভোট দিতে পারেনি। বর্তমানে ওই যুবক আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে রয়েছে।"
উল্লেখ্য, সকাল থেকেই রাঙ্গামাটির বিভিন্ন কেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিচ্ছিন্ন এই ঘটনাটি ছাড়া জেলায় এখন পর্যন্ত ভোটগ্রহণ প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে চলছে বলে জানা গেছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments